নিজস্ব সংবাদদাতা : কলকাতায় ছাত্র আন্দোলনের সময় সাংবাদিকদের উপর হামলার অভিযোগের প্রতিবাদে শনিবার মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিল করলেন বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা। মাথায় কালো কাপড় বেঁধে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন সাংবাদিকরা। মেদিনীপুর শহরের রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশ থেকে শুরু হয় মিছিল। পরে গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয় প্রতিবাদ কর্মসূচি। মিছিলে অংশ নেওয়া সাংবাদিকরা কলকাতায় সাংবাদিকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। প্রতিবাদ সভা থেকে অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। পাশাপাশি সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান।
কলকাতায় সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে মেদিনীপুরে সাংবাদিকদের প্রতিবাদ মিছিল!