নিজস্ব সংবাদদাতা : খড়্গপুরের রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রে ‘বেবি কোল’। তিনি কি তবে রাজনৈতিক অবস্থান বদল করছেন—এই প্রশ্নই এখন ঘুরছে শহরের নানা মহলে। বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে তৃণমূলের উপস্থিতি কমে যাওয়ায় জল্পনা আরও বাড়ে।সূত্রের খবর, গত কয়েক সপ্তাহে বেবি কোলের ফেসবুক ওয়ালে দেখা যাচ্ছে গেরুয়া শিবির-ঘনিষ্ঠ একাধিক পোস্ট ও ছবি। সেখানে বিজেপি নেতৃত্বের বিভিন্ন মুখের সঙ্গে তাঁর ছবি শেয়ার হতে দেখা যাচ্ছে। এর মধ্যেই বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন বলেও জানা যাচ্ছে, যদিও এখনও পর্যন্ত সেভাবে সাড়া মেলেনি।ফলে আপাতত সোশ্যাল মিডিয়াতেই সক্রিয় রয়েছেন তিনি। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এটি তার নতুন রাজনৈতিক অবস্থানের ইঙ্গিতও হতে পারে।এই প্রসঙ্গে খড়্গপুরের তৃণমূল নেতা প্রদীপ সরকার বলেন, “বেবিকে নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই। দল তাঁকে সাসপেন্ড করেছে। এক প্রবীণ ব্যক্তির উপর হামলার ঘটনায় তিনি বিতর্কে জড়িয়েছেন, যা কেউই ভালোভাবে নেয়নি।”অন্যদিকে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুমিত মণ্ডল মন্তব্য করেন, “ইচ্ছে করলেই এভাবে বিজেপিতে আসা যায় না। আমরা সেটাকে সমর্থনও করব না।”
খড়্গপুরের রাজনীতিতে জল্পনা তুঙ্গে, গেরুয়া ইঙ্গিতে ‘বেবি কোল’ ঘিরে বিতর্ক!