অরিন্দম চক্রবর্তী : দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে জনসাধারণের জন্য বিশেষ জনকল্যাণমূলক কর্মসূচির ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। এই উপলক্ষে আগামী ১৫, ১৬ ও ১৭ জুন ব্লক ও পুরসভা এলাকার বিভিন্ন স্থানে জনকল্যাণ শিবির আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।শনিবার খড়গপুরের কৌশল্যায় অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন দলের জেলা সভাপতি শমিত মণ্ডল, নারায়ণগড়ের বিধায়ক রামপ্রসাদ গিরি এবং জেলা মিডিয়া সেলের প্রতিনিধি প্রকৃতি রঞ্জন দাস।বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই শিবিরের মূল উদ্দেশ্য। শিবিরে অন্নপূর্ণা ভাণ্ডার, আধার কার্ড সংক্রান্ত সমস্যা সমাধান, প্রধানমন্ত্রী আবাস যোজনা, কৃষক সম্মান নিধি, আয়ুষ্মান ভারত, বিশ্বকর্মা যোজনা-সহ একাধিক প্রকল্পের তথ্য, আবেদন এবং পরিষেবা প্রদান করা হবে।খড়গপুর শহরে তালবাগিচা হাই স্কুল, খড়গপুর পুরসভা ভবন, ট্রাফিক হাই স্কুল এবং অতুলমণি হাই স্কুলে এই জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত শিবির চলবে।সাংবাদিক বৈঠকে বিজেপি নেতারা স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়ন নিয়েও একাধিক দাবি তুলে ধরেন। তাঁদের বক্তব্য, রাজ্যের প্রতিটি জেলায় একটি করে মেডিক্যাল কলেজ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে আরও একটি AIIMS-স্তরের হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তাঁরা।