Skip to content

খড়্গপুরে কাটমানির অভিযোগে প্রাক্তন তৃণমূল নেতার বাড়ি ঘেরাও, বিক্ষোভে উত্তাল এলাকা!

নিজস্ব সংবাদদাতা : কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে খড়্গপুরে প্রাক্তন তৃণমূল নেতা অজিত দাস মহাপাত্রের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ একাধিক সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হলেও বহু উপভোক্তা এখনও সরকারি সুবিধা পাননি। স্থানীয়দের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু গরিব মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। এছাড়াও রাস্তা নির্মাণের কাজ এবং চাকরি পাইয়ে দেওয়ার নামেও কাটমানি আদায়ের অভিযোগ উঠেছে।

বিক্ষোভ চলাকালীন প্রাক্তন ওই নেতার বাড়ির সামনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকার বহু মহিলা-সহ স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বিক্ষোভের সময় বাড়ির দিকে ডিমও ছোড়া হয়।

বিক্ষোভকারীদের দাবি, যাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাঁদের সেই অর্থ অবিলম্বে ফেরত দিতে হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত অজিত দাস মহাপাত্রের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Latest