Skip to content

হিজলী হাই স্কুলে বাল্যবিবাহ রুখতে পুলিশের সচেতনতা শিবির, পড়ুয়াদের ‘নিজের অধিকার’ জানালেন অতিরিক্ত পুলিশ সুপার বুশারা বানো!

নিজস্ব সংবাদদাতা : বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশুদের আইনগত অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে আইআইটি খড়গপুর ক্যাম্পাসের হিজলী হাই স্কুলে বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সহযোগিতায় ‘Prevention of Early Marriage & Know Your Rights’ শীর্ষক এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

May be an image of one or more people and scooter

অনুষ্ঠানের শুরুতে এনসিসি ক্যাডেটরা অতিথিদের মঞ্চে নিয়ে আসেন। এরপর উদ্বোধনী সঙ্গীত এবং অতিথিদের সংবর্ধনার মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিতাভ দাস।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার, আইপিএস বুশারা বানো। তিনি পড়ুয়াদের উদ্দেশ্যে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, নারী ও শিশুদের আইনগত অধিকার, শিক্ষার গুরুত্ব এবং একজন সচেতন নাগরিকের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরে ছাত্রীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বেও অংশ নেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়গপুর টাউন থানার আইসি অমিত কুমার মিত্র, হিজলী ট্রাফিক আউটপোস্টের ওসি সাথী বারিক এবং এসআই মনোরঞ্জন শীট। তাঁরা সাইবার নিরাপত্তা, আইন মেনে চলার গুরুত্ব এবং সমাজে নারী-পুরুষের সমান অধিকারের বিষয়েও পড়ুয়াদের সচেতন করেন।

সমাপনী বক্তব্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, এই ধরনের কর্মসূচি ছাত্র-ছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ বাড়ানোর পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, এনসিসি ক্যাডেট এবং বহু ছাত্রী উপস্থিত ছিলেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।

Latest