Skip to content

ঝড়-বৃষ্টির মধ্যেও থামেনি মানবিকতা, রঞ্জিত বোস মেমোরিয়াল ট্রাস্টের রক্তদান শিবিরে ব্যাপক সাড়া!

নিজস্ব সংবাদদাতা : প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল রঞ্জিত বোস মেমোরিয়াল ট্রাস্ট। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের মালঞ্চ অন্নপূর্ণা মন্দির প্রাঙ্গণে আয়োজিত পঞ্চম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট ১২১ জন স্বেচ্ছা রক্তদাতা রক্তদান করেন। তিনটি সরকারি ব্লাড ব্যাংকের উদ্যোগে সংগৃহীত এই রক্ত ভবিষ্যতে বহু অসহায় রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।রঞ্জিত বোস মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে খড়গপুর শহরের ১১ নম্বর ওয়ার্ডের মালঞ্চ অন্নপূর্ণা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পঞ্চম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন দপ্তরের এডিএফও চিন্ময় বর্মন, বিশিষ্ট সমাজসেবী দীপক দাশগুপ্ত, ত্রিপতি ব্যানার্জী, প্রদীপ দাস, গোপাল সাহা, গোপাল হাজরা, ডা. কার্তিক চন্দ্র মিত্র, তাপস অধিকারী, অভিমন্যু গুপ্তা, তরুণ চৌধুরী, ইন্দ্রজিৎ মুখার্জী, বিদ্যুৎ সেন, কমল মিত্র, মৃগেন্দ্রনাথ রানা, বিজনল দত্ত, মুকেশ সাউ, জয়া সিংহ দাস, ধর্মেন্দ্র জয়েন, এডি বর্মন, অশোক মণ্ডল, রামেশ আগারওয়াল-সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও শুভানুধ্যায়ী।সারাদিনের অবিরাম বৃষ্টি সত্ত্বেও বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিবিরটি সফলভাবে সম্পন্ন হয়।

শিবিরে খড়গপুর সদর হাসপাতাল ব্লাড ব্যাংক ৩১ ইউনিট, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ব্লাড ব্যাংক ৫০ ইউনিট এবং নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লাড ব্যাংক ৪০ ইউনিট রক্ত সংগ্রহ করে।

সব মিলিয়ে মোট ১২১ ইউনিট রক্ত সংগ্রহ হয়।অনুষ্ঠান শেষে রঞ্জিত বোস মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে তিনটি সরকারি ব্লাড ব্যাংকের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, উপস্থিত অতিথি, স্বেচ্ছাসেবক, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের পাশাপাশি ১২১ জন স্বেচ্ছা রক্তদাতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

Latest