খড়গপুরে শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বৈঠক, নতুন শিল্প আনতে উদ্যোগের বার্তা!

খড়গপুরে শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বৈঠক, নতুন শিল্প আনতে উদ্যোগের বার্তা!

অরিন্দম চক্রবর্তী : খড়গপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে শিল্প সংক্রান্ত বিভিন্ন সমস্যা, পরিকাঠামোগত বিষয় এবং নতুন শিল্প স্থাপনের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হলো। শিল্পাঞ্চলে বর্তমানে একাধিক কারখানা রয়েছে। পাশাপাশি আগামী দিনে আরও নতুন শিল্প সংস্থা আসার সম্ভাবনা রয়েছে। সেই পরিস্থিতিতে ছোট-বড় বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়।

৮ আগস্ট , শনিবার বিকেল ৫টা নাগাদ পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (PMDCCI) উদ্যোগে এবং বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক অ্যাসোসিয়েশনের (VIPA) সহযোগিতায় এই শিল্প আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিল্প সংস্থাগুলির প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন সমস্যার কথা প্রশাসন ও সরকারের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন।এর আগে মহকুমা শাসকের কার্যালয়েও শিল্প সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন মন্ত্রী দিলীপ ঘোষ। পরবর্তীতে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, আইএএস সৌরভ পাণ্ডে, বিধায়ক শংকর গুছাইত, বিধায়ক বিমান মাহাতো, বিধায়ক রমাপ্রসাদ গিরি-সহ প্রশাসনিক আধিকারিক, শিল্পপতি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

সভায় শিল্পাঞ্চলের বিভিন্ন ছোটখাটো সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের মাধ্যমে শিল্পের পরিবেশ আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি খড়গপুরে কীভাবে আরও নতুন শিল্প ও বিনিয়োগ আনা যায়, তা নিয়েও মতবিনিময় করেন উপস্থিত ব্যক্তিরা।সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, শিল্প সংস্থাগুলির ছোটখাটো সমস্যাগুলির দ্রুত সমাধান করে খড়গপুরে আরও নতুন নতুন শিল্প আনার পরিবেশ তৈরি করাই এই আলোচনার মূল উদ্দেশ্য। শিল্পের প্রসার ঘটলে কর্মসংস্থান ও এলাকার অর্থনৈতিক উন্নয়নের সুযোগও বাড়বে বলে মনে করা হচ্ছে।