Skip to content

খড়গপুরে বৃক্ষরোপণ কর্মসূচিতে দিলীপ ঘোষ, বললেন—'মানুষ পরিষেবা চাইছে, কাজ করুন'!

অরিন্দম চক্রবর্তী : অরণ্য সপ্তাহ উপলক্ষে সোমবার খড়গপুরে নিজের বাংলো প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বিভিন্ন প্রজাতির চারা রোপণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা দেন তিনি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ, সমাজসেবী এবং পরিবেশপ্রেমীরা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, "রাজ্য সরকার ১৩ জুলাই থেকে সাত দিনের জন্য অরণ্য সপ্তাহ পালন করছে। আমরা প্রতি বছর রথযাত্রার সময় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি। কিন্তু এখন মানুষ গাছ লাগানোর পরিবর্তে গাছ কাটতেই বেশি ব্যস্ত। এর ফলেই জলবায়ুর পরিবর্তন, বায়ুদূষণ এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই সকলের কাছে আমার আবেদন, বেশি করে গাছ লাগান। গাছই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পারে।"পরিবেশ সংক্রান্ত বার্তার পাশাপাশি খড়গপুর শহরের নিকাশি ব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। মন্ত্রীর অভিযোগ, খড়গপুর পৌরসভা শহরের মৌলিক পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে। তাঁর দাবি, নতুন প্রকল্পের নিবন্ধীকরণ থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা ও সাফাই—কোনও ক্ষেত্রেই সন্তোষজনক কাজ হচ্ছে না। তিনি বলেন, "পৌরসভা নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়েই ব্যস্ত। অথচ সাধারণ মানুষ উন্নত পরিষেবা চাইছেন। আমি আবারও বলছি, রাজনৈতিক মতভেদ ভুলে মানুষের স্বার্থে সঠিকভাবে কাজ করুন।"

Latest