চন্দ্রকোনারোডে ‘সূর্য ঘর’ প্রকল্পের সূচনা, সৌরবিদ্যুতে কমবে বিদ্যুৎ বিলের চাপ!
অভিজিৎ সাহা : বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোডে শুরু হল ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফত বিজলি যোজনা’ প্রকল্পের কার্যক্রম।শুক্রবার দুপুরের পর চন্দ্রকোনারোড বৈদ্যুতিক অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো।

অনুষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার, প্রকল্পের সুবিধা এবং সাধারণ মানুষের মধ্যে এই উদ্যোগের প্রসার নিয়ে আলোচনা হয়।কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফত বিজলি যোজনা’-র মূল উদ্দেশ্য হল বাড়ির ছাদে সৌর প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনে উৎসাহ দেওয়া। এর মাধ্যমে বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি প্রচলিত শক্তির উপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্য রয়েছে।অনুষ্ঠানে বিধায়ক বিমান মাহাতো বলেন, বাড়িতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে একদিকে সাধারণ মানুষের বিদ্যুৎ বিলের চাপ কমতে পারে, অন্যদিকে পরিবেশের উপরও ইতিবাচক প্রভাব পড়বে।

এলাকার আরও বেশি মানুষ যাতে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারেন, সে বিষয়ে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতা-৩ ব্লকের বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য, জেলা ‘সূর্য ঘর’ প্রকল্পের আধিকারিক সুমন পোতা, পশ্চিম মেদিনীপুর রিজিয়নের সোলার বিভাগের সিনিয়র ইঞ্জিনিয়ার সুমন প্রসাদ, স্টেশন ম্যানেজার শেখ শামিম রেজ, সৌমেন সাহা-সহ অন্যান্যরা।এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ধীমান কোলে, গৌতম কৌড়ী, প্রণব ঘোষ, সঞ্জীব ঘোষ, সুশান্ত কারক, রাম সিং-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।চন্দ্রকোনারোডে প্রকল্পের সূচনার মাধ্যমে এলাকার আরও বেশি বাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিতরা। বিদ্যুতের বিকল্প উৎস হিসেবে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশবান্ধব শক্তি ব্যবহারের সচেতনতা বৃদ্ধির দিকেও জোর দেওয়া হচ্ছে।