অভিজিৎ সাহা : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড শহরে শুক্রবার সকালে অনুষ্ঠিত হলো ‘রান ফর যোগা’ ম্যারাথন। ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল যোগচর্চার গুরুত্ব এবং সুস্থ-সবল জীবনযাপনের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতা-৩ ব্লকের বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী ধীমান কোলে-সহ প্রশাসনের একাধিক আধিকারিক ও গণ্যমান্য ব্যক্তিত্ব। ম্যারাথনের সূচনালগ্নে উপস্থিত অংশগ্রহণকারীদের উদ্দেশে যোগব্যায়ামের শারীরিক ও মানসিক উপকারিতা সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখা হয়।‘রান ফর যোগা’ কর্মসূচিতে এলাকার বহু যুবক-যুবতী এবং ক্রীড়াপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কেড়েছে। উৎসাহ ও উদ্দীপনায় ভরপুর এই ম্যারাথন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় নিয়মিত যোগচর্চা শরীর ও মনকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে সেই সচেতনতাই সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।আয়োজকদের মতে, এ ধরনের কর্মসূচি শুধু যোগব্যায়ামের প্রচারেই নয়, স্বাস্থ্য সচেতন সমাজ গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও কর্মসূচি ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।