Skip to content

‘হেস্টিং হাউস’ নয়, ‘শহীদ ক্ষুদিরাম বোস ভবন’—নাম বদলের আবেদন মেদিনীপুরের বিধায়কের!

সেখ ওয়ারেশ আলী : স্বাধীনতার প্রায় আট দশক পরও মেদিনীপুরে ব্রিটিশ শাসনের স্মৃতিবাহী একটি সরকারি ভবনের নাম পরিবর্তনের দাবি উঠল। মেদিনীপুরের জেলা শাসকের সরকারি বাংলো, যা বর্তমানে ‘হেস্টিং হাউস’ নামে পরিচিত, তার নাম পরিবর্তন করে ‘শহীদ ক্ষুদিরাম বোস ভবন’ রাখার প্রস্তাব দিয়েছেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত

এই বিষয়ে জেলা শাসকের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন বিধায়ক। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, স্বাধীন দেশের প্রশাসনিক ভবনে একজন ব্রিটিশ শাসকের নাম বহাল থাকা ইতিহাসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। তাঁর মতে, দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদানকারী বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বোস-এর নামে ভবনটির নামকরণ করা হলে তা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন হবে।

বিধায়কের বক্তব্য, ক্ষুদিরাম বোস শুধু মেদিনীপুরের গর্ব নন, তিনি সমগ্র দেশের স্বাধীনতা আন্দোলনের এক অমর প্রতীক। তাই ব্রিটিশ আমলের নামের পরিবর্তে তাঁর নামে সরকারি ভবনের নামকরণ ইতিহাস ও জাতীয় চেতনার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ হবে।নাম পরিবর্তনের এই প্রস্তাব সামনে আসতেই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ভিন্ন মতও প্রকাশ করছেন।এখন ‘হেস্টিং হাউস’-এর নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে জেলা প্রশাসন এবং রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর রয়েছে মেদিনীপুরবাসীর।

Latest