নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে কৃষক সভার উদ্যোগে অনুষ্ঠিতব্য রাজ্য ভূমি কনভেনশনের প্রস্তুতির কাজ চলাকালীন সিপিআই(এম)-এর রাজ্য কমিটির সদস্য তাপস সিনহার উপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। অভিযোগ, মনোজ শর্মা নামে এক যুবক মদ্যপ অবস্থায় এসে আচমকা তাপস সিনহাকে আক্রমণ করেন। হামলায় তাঁর কাঁধের হাড়ে চিড় ধরে বলে চিকিৎসকরা জানিয়েছেন। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ (এফআইআর) দায়ের করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবককে আটক করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। শুক্রবার সকালে তাপস সিনহার শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাড়িতে যান সিপিআই(এম)-এর পলিটব্যুরো সদস্য তথা সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক কমরেড বিজু কৃষ্ণান। তিনি আহত নেতার সঙ্গে দেখা করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।