Skip to content

'আজকের পড়ুয়ারাই আগামী ভারতের নির্মাতা'—ডিএভি স্কুলে অনুষ্ঠানে দিলীপ ঘোষ!

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুরের প্রায় ১৪০ বছরের ঐতিহ্যবাহী ডিএভি পাবলিক স্কুলে শনিবার (১১ জুলাই) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা খড়্গপুরের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয় এবং শিক্ষাক্ষেত্রে তাঁদের সাফল্যের প্রশংসা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ব্রিটিশ আমলে আচার্য জ্ঞানানন্দ সরস্বতী-র উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, মূল্যবোধ ও সংস্কার গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাঁর কথায়, মাতৃভাষা, মাতৃভূমি এবং ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলার যে আদর্শ নিয়ে ডিএভি শিক্ষাপ্রতিষ্ঠানগুলি এগিয়ে চলেছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

তিনি বলেন, বিভিন্ন স্কুল-কলেজের অনুষ্ঠানে অংশ নিলেও বর্তমানে খুব কম ক্ষেত্রেই শিক্ষার্থীদের শিক্ষকদের প্রতি প্রণাম ও সম্মান প্রদর্শনের ঐতিহ্য চোখে পড়ে। ডিএভি পাবলিক স্কুল সেই মূল্যবোধ ও সংস্কৃতিকে এখনও ধরে রেখেছে বলে তিনি উল্লেখ করেন।বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আন্তর্জাতিক কুইজ প্রতিযোগিতায় সাফল্যের কথাও তুলে ধরেন মন্ত্রী। দিলীপ ঘোষ বলেন, বর্তমান সময়ে ইংরেজি শিক্ষার গুরুত্ব যেমন রয়েছে, তেমনি মাতৃভাষার ওপরও সমান দক্ষতা অর্জন জরুরি। তাঁর মতে, "মাতৃভাষার সঙ্গে সংযোগ না থাকলে নিজের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে গভীরভাবে জানা সম্ভব নয়। ডিএভি সেই মূল্যবোধ ও সাংস্কৃতিক চেতনাকে শিক্ষার সঙ্গে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে চলেছে।"

তিনি বলেন, এই ধরনের কৃতিত্ব শুধু বিদ্যালয়ের নয়, গোটা জেলার গর্ব। আগামী দিনেও পড়ুয়ারা শিক্ষা, সংস্কৃতি ও বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আরও বড় সাফল্য অর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।অনুষ্ঠানের শেষে কৃতী ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে দিলীপ ঘোষ বলেন, "আজকের এই ছোট ছোট পড়ুয়ারাই আগামী দিনের ভারতের নির্মাতা। তাদের সুশিক্ষা, মূল্যবোধ ও আত্মবিশ্বাসই দেশের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করে তুলবে।"

Latest