Skip to content

মেদিনীপুর-হাওড়া ‘বিদ্যাসাগর এক্সপ্রেস’-এর দাবিতে রেলমন্ত্রীর দ্বারস্থ বিশ্ববিদ্যালয় মহল!

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর থেকে হাওড়া পর্যন্ত একটি নতুন এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে সরব হল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং জেলার বিভিন্ন মহল। প্রস্তাবিত ট্রেনটির নাম ‘বিদ্যাসাগর এক্সপ্রেস’ রাখার দাবিও জানানো হয়েছে। এই মর্মে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে একটি আবেদনপত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে। আবেদনকারীদের দাবি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষক, গবেষক ও ছাত্রছাত্রী নিয়মিত কলকাতা ও সংলগ্ন এলাকা থেকে মেদিনীপুরে যাতায়াত করেন। প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে তাঁদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে লোকাল ট্রেনের অনিয়মিত চলাচল এবং নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে পৌঁছানোর কারণে দুর্ভোগ আরও বেড়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অমলকুমার মণ্ডল জানান, শিক্ষাজগতের সঙ্গে যুক্ত বহু মানুষ প্রতিদিন কলকাতা ও মেদিনীপুরের মধ্যে যাতায়াত করেন। তাঁদের সুবিধার কথা মাথায় রেখে নির্দিষ্ট সময়সূচি মেনে চলা একটি এক্সপ্রেস ট্রেন চালু করা অত্যন্ত জরুরি। সেই কারণেই রেলমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়েছে।আবেদনকারীদের মতে, নতুন এই ট্রেন চালু হলে শুধু শিক্ষক-শিক্ষার্থী নয়, সাধারণ যাত্রী, চাকরিজীবী ও ব্যবসায়ীরাও উপকৃত হবেন। একই সঙ্গে মেদিনীপুর ও কলকাতার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।এখন রেলমন্ত্রক এই দাবির প্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে জেলার শিক্ষা মহল ও সাধারণ যাত্রীরা।

Latest