Skip to content

বিধানসভায় মেদিনীপুরের জল নিকাশি সমস্যা, স্থায়ী সমাধানের দাবি বিধায়ক শংকর গুছাইয়ের

সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের দীর্ঘদিনের জল নিকাশি সমস্যার বিষয়টি পশ্চিমবঙ্গ বিধানসভায় উত্থাপন করলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক শংকর গুছাই। বর্ষাকালে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে তিনি সমস্যার স্থায়ী সমাধানে রাজ্য সরকারের দ্রুত হস্তক্ষেপের দাবি জানান।

বিধায়ক তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘদিনের অবহেলা, দুর্নীতি এবং অপরিকল্পিত প্রশাসনিক ব্যবস্থার ফলে প্রতি বছর বর্ষা নামলেই মেদিনীপুর শহরের একাধিক এলাকায় জল জমে যায়। এর ফলে রাস্তা-ঘাট, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যাহত হয় এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে।তিনি আরও বলেন, বছরের পর বছর ধরে শহরবাসী এই সমস্যার বোঝা বহন করে চলেছেন।

তাই মেদিনীপুরের মানুষের দীর্ঘমেয়াদি স্বার্থে আধুনিক, বিজ্ঞানসম্মত ও সুপরিকল্পিত জল নিকাশি ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।বিধানসভায় বিষয়টির গুরুত্ব তুলে ধরে শংকর গুছাই সরকারের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন জানান। তাঁর দাবি, উন্নত জল নিকাশি পরিকাঠামো নির্মাণের মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হলে ভবিষ্যতে বর্ষাকালে মেদিনীপুরবাসীকে আর চরম দুর্ভোগের শিকার হতে হবে না।

Latest