নিজস্ব সংবাদদাতা : আসন্ন রথযাত্রার প্রাক্কালে বৃহস্পতিবার (১৬ জুলাই) মেদিনীপুরে এক নতুন শিক্ষামূলক উদ্যোগের সূচনা হলো। মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইতের সহযোগিতায় এবং ‘জ্ঞান সেতু’-র উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘বিধায়ক পাঠশালা’, যেখানে ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার সুযোগ প্রদান করা হবে।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য, আর্থিক প্রতিবন্ধকতার কারণে যেন কোনও পড়ুয়ার শিক্ষাজীবন ব্যাহত না হয়। শিক্ষাকে সকলের নাগালের মধ্যে পৌঁছে দিয়ে সমাজের প্রতিটি শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করাই এই পাঠশালার লক্ষ্য।

এদিনের অনুষ্ঠানে বিধায়ক শংকর গুছাইত বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। অর্থের অভাবে কোনও ছাত্র-ছাত্রীর পড়াশোনা থেমে থাকা উচিত নয়। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও আত্মনির্ভর করে গড়ে তুলতেই ‘বিধায়ক পাঠশালা’র এই উদ্যোগ। জ্ঞান সেতুর সমস্ত শিক্ষক ও সদস্যদের এই মহৎ প্রচেষ্টাকে আমি আন্তরিক অভিনন্দন জানাই।” তিনি আরও জানান, সমাজের প্রতিটি শিক্ষার্থীকে এই পাঠশালার সুযোগ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে। সকলকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “আসুন, আমরা সবাই মিলে শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিই এবং একটি শিক্ষিত, সচেতন সমাজ গড়ে তুলি।” উদ্যোক্তাদের আশা, ‘বিধায়ক পাঠশালা’ আগামী দিনে এলাকার বহু ছাত্র-ছাত্রীর শিক্ষার পথকে আরও সহজ ও সুদৃঢ় করে তুলবে।