Skip to content

পেনশনের দাবিতে মেদিনীপুর পৌরসভা ঘেরাও, আন্দোলনের হুঁশিয়ারি অবসরপ্রাপ্ত কর্মীদের

সেখ ওয়ারেশ আলী : বকেয়া পেনশনের দাবিতে সোমবার উত্তাল হয়ে উঠল মেদিনীপুর পৌরসভা চত্বর। পৌরসভার মেন গেট ঘিরে অবস্থান-বিক্ষোভে সামিল হলেন মেদিনীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠনের সদস্যরা। দীর্ঘদিন ধরে নিয়মিত পেনশন না মেলায় চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন প্রায় ৫০০টি পরিবার বলে অভিযোগ আন্দোলনকারীদের। বিক্ষোভকারীদের দাবি, বহু অবসরপ্রাপ্ত কর্মচারী বর্তমানে চিকিৎসা, ওষুধ কেনা থেকে শুরু করে নিত্যদিনের সংসার চালাতেও হিমশিম খাচ্ছেন। বারবার পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলেই অভিযোগ।

সংগঠনের সভাপতি শিবু পানিগ্রাহী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “১৮৬৫ সালে মেদিনীপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ২০২৬ সালে দাঁড়িয়ে পৌরসভার ইতিহাসে এই প্রথম অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিজেদের প্রাপ্য পেনশনের দাবিতে রাস্তায় নামতে হচ্ছে। এই তৃণমূল পরিচালিত পৌরসভায় শুধু কাটমানি ও তোলাবাজি চলছে।” তিনি আরও দাবি করেন, সময়মতো পেনশন না পাওয়ার কারণে মানসিক চাপ ও আর্থিক অনটনের মধ্যে ইতিমধ্যেই পাঁচজন অবসরপ্রাপ্ত কর্মচারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়ছে অবসরপ্রাপ্তদের মধ্যে। সংগঠনের তরফে জানানো হয়েছে, আগামী ১৪ মে-র মধ্যে সমস্ত বকেয়া পেনশন মিটিয়ে না দিলে ১৫ মে থেকে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। প্রয়োজনে লাগাতার ধর্না সহ আরও কঠোর কর্মসূচির ইঙ্গিতও দিয়েছেন আন্দোলনকারীরা।

Latest