Skip to content

মেদিনীপুর শহরের পঞ্চুরচকে ৪১টি দোকানে উচ্ছেদের নোটিস, জীবিকা নিয়ে শঙ্কায় ক্ষুদ্র ব্যবসায়ীরা!

সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের পঞ্চুরচক এলাকায় রাস্তার ধারে ছোট-বড় দোকান করে বহু ক্ষুদ্র ব্যবসায়ী দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। এই দোকানগুলির আয়ের উপরই নির্ভর করে তাঁদের সংসার, সন্তানের পড়াশোনা, চিকিৎসার খরচ এবং বিভিন্ন ঋণের কিস্তি পরিশোধ। কিন্তু এবার সেই জীবিকাই অনিশ্চয়তার মুখে পড়েছে।

মঙ্গলবার পশ্চিমবঙ্গ পূর্ত দপ্তরের পক্ষ থেকে পঞ্চুরচক সংলগ্ন রাস্তার ধারে থাকা প্রায় ৪১টি দোকানে উচ্ছেদের নোটিস দেওয়া হয়। নোটিসে জানানো হয়েছে, ১০ দিনের মধ্যে দোকান খালি করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে জায়গা খালি না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ রয়েছে। দপ্তরের কর্মীরা দোকানে গিয়ে এই নোটিস টাঙিয়ে দেন।হঠাৎ এই নোটিস পাওয়ার পর থেকেই ব্যবসায়ী ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ব্যবসায়ীদের দাবি, তাঁদের অধিকাংশেরই জীবিকার একমাত্র অবলম্বন এই দোকান। পুনর্বাসনের কোনও ব্যবস্থা ছাড়া উচ্ছেদ করা হলে তাঁরা কার্যত পথে বসবেন। সংসার চালানো, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা এবং ঋণের কিস্তি পরিশোধ—সবকিছুই অনিশ্চয়তার মুখে পড়বে।

ক্ষুদ্র ব্যবসায়ীদের বক্তব্য, উন্নয়নের স্বার্থে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিতেই পারে, তবে জীবিকা হারাতে বসা মানুষদের জন্য বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করা জরুরি। তাই পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত উচ্ছেদ প্রক্রিয়া স্থগিত রাখার দাবি জানিয়েছেন তাঁরা।

Latest