Skip to content

রথযাত্রা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি, মেদিনীপুরে রুট পরিদর্শনে পুলিশ সুপার ও বিধায়ক!

নিজস্ব সংবাদদাতা : আসন্ন রথযাত্রাকে সামনে রেখে মেদিনীপুর শহরে শেষ মুহূর্তের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শনে যান পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা এবং মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইত। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রশাসনের একাধিক আধিকারিক।

রথযাত্রার নির্ধারিত রুট পরিদর্শন করে নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জনসাধারণের জন্য প্রয়োজনীয় পরিষেবাগুলির সামগ্রিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। বিশেষভাবে নজর দেওয়া হয় রথের যাত্রাপথ, পুলিশি মোতায়েন, যান চলাচল নিয়ন্ত্রণ, পানীয় জলের ব্যবস্থা, আলোকসজ্জা, স্বাস্থ্য পরিষেবা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার পরিকাঠামোর উপর। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়।

পরিদর্শন শেষে বিধায়ক শংকর গুছাইত জানান, রথযাত্রাকে ঘিরে সমস্ত প্রস্তুতি খুঁটিয়ে পর্যালোচনা করা হয়েছে। তিনি বলেন, "জেলার পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে রথের সম্পূর্ণ রুট ঘুরে দেখা হয়েছে। নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ, পানীয় জল, আলো, স্বাস্থ্য পরিষেবা-সহ প্রতিটি বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। লক্ষ লক্ষ পুণ্যার্থীর নিরাপদ, সুষ্ঠু ও নির্বিঘ্ন রথযাত্রা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সেই উদ্দেশ্যেই প্রশাসনের সংশ্লিষ্ট সমস্ত আধিকারিককে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।"

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রথযাত্রা উপলক্ষে মেদিনীপুর শহরজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড় ও রথের যাত্রাপথে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ নজর রাখা হবে। এছাড়া জরুরি স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল এবং অন্যান্য নাগরিক সুবিধাও পর্যাপ্ত পরিমাণে নিশ্চিত করা হয়েছে, যাতে ভক্ত ও দর্শনার্থীরা নির্বিঘ্নে রথযাত্রায় অংশ নিতে পারেন।

Latest