নিজস্ব সংবাদদাতা : প্রতিবছর ৫ জুন বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এ বছর “একটি গাছ মায়ের নামে” কর্মসূচিকে সামনে রেখে মেদিনীপুর স্কুল বাজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। মেদিনীপুরের অরবিন্দ শিশু উদ্যান, কলেজ মাঠ, বিদ্যাসাগর হল চত্বর এবং গান্ধীঘাট প্রাঙ্গণে মোট ১,০০০টি গাছের চারা রোপণ করা হয়।

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। আয়োজকদের বক্তব্য, একটি গাছ শুধু প্রকৃতিকে সবুজ ও সুন্দর করে তোলে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশ রক্ষার কাজে সমাজের প্রতিটি মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।“আগামীর ভবিষ্যৎ সবুজের সমারোহে এগিয়ে চলুক”— এই বার্তাকে সামনে রেখেই কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকদের মতে, পরিবেশ রক্ষার আন্দোলন শুরু হতে পারে ব্যক্তিগত সচেতনতা থেকেই। তাই প্রত্যেকের উচিত বেশি করে গাছ লাগানো, গাছের পরিচর্যা করা এবং পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসা।এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে একটি সবুজ, নির্মল ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।