মেদিনীপুর শহরে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের বিরুদ্ধে কড়া অবস্থান পুলিশের, শুরু সচেতনতামূলক প্রচার!

মেদিনীপুর শহরে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের বিরুদ্ধে কড়া অবস্থান পুলিশের, শুরু সচেতনতামূলক প্রচার!

সেখ ওয়ারেশ আলী : দীর্ঘদিন ধরে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় ফুটপাত দখল, রাস্তার উপর অবৈধ পার্কিং এবং অনিয়ন্ত্রিতভাবে দোকান বসানোর অভিযোগে নাজেহাল ছিলেন সাধারণ মানুষ। পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি যানজটও শহরের অন্যতম বড় সমস্যায় পরিণত হয়েছিল।

এই পরিস্থিতির মোকাবিলায় এবার সক্রিয় হয়েছে জেলা পুলিশ প্রশাসন। ২৩শে জুন, মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং মেদিনীপুর কোতোয়ালি থানার ট্রাফিক বিভাগের তত্ত্বাবধানে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে সচেতনতামূলক প্রচার চালানো হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের রাস্তা ও ফুটপাতকে অবৈধ দখলমুক্ত রাখতে বিশেষ অভিযান শুরু করা হচ্ছে। ফুটপাত বা রাস্তার অংশ দখল করে দোকান বসানো, নির্মাণসামগ্রী ফেলে রাখা কিংবা নিয়মবহির্ভূতভাবে যানবাহন পার্কিং করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

প্রশাসনের দাবি, শহরের যান চলাচল স্বাভাবিক রাখা, পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং নাগরিক পরিকাঠামোকে সুষ্ঠুভাবে ব্যবহারযোগ্য করে তোলাই এই অভিযানের মূল লক্ষ্য।শহরবাসীর একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে ফুটপাত ও রাস্তা দখল হয়ে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছিল। প্রশাসনের এই পদক্ষেপ বাস্তবায়িত হলে শহরের ট্রাফিক ব্যবস্থা ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।এখন দেখার, প্রশাসনের এই অভিযান কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয় এবং শহরের অবৈধ দখলমুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে কতটা সফল হয়।