নিজস্ব সংবাদদাতা : শুক্রবার ২২ মে Vidyasagar University-এর ফলিত গণিত বিভাগের উদ্যোগে বিভাগের প্রাক্তনী তথা মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক Shankar Kumar Guchhait-কে সংবর্ধনা জানানো হয়। “Academia থেকে Public Leadership-এর পথে ড. শঙ্কর কুমার গুছাইতের যাত্রাকে উদ্যাপন” শীর্ষক এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফলিত গণিত বিভাগের প্রধান অধ্যাপক দিলীপ কুমার মাইতি।অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক দিলীপ কুমার মাইতি স্বাগত ভাষণে উপাচার্যের নিরলস কর্মনিষ্ঠা ও প্রশাসনিক সক্রিয়তার প্রশংসা করেন।

পাশাপাশি তিনি ড. গুছাইতের সমাজসেবামূলক কাজ ও জনসংযোগের ভূয়সী প্রশংসা করে বলেন, বিভাগের প্রাক্তনী হিসেবে তাঁর সাফল্যের পথ বর্তমান ছাত্রছাত্রীদের কাছে অনুপ্রেরণার উৎস।উপাচার্য তাঁর বক্তব্যে জানান, দীর্ঘ একাডেমিক জীবনে এই প্রথম কোনও বিধায়ককে সংবর্ধনা জানানোর অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। উচ্চশিক্ষা দপ্তরের যেকোনও ইতিবাচক নির্দেশ বিশ্ববিদ্যালয় যথাযথভাবে পালন করবে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি ড. গুছাইতকে বিশ্ববিদ্যালয়ের একজন অভিভাবক হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন।ড. গুছাইত বক্তব্যের শুরুতেই নির্বাচনের ফল প্রকাশের পর কিছু ছাত্রের আচরণের জন্য উপাচার্যের কাছে দুঃখপ্রকাশ করেন।

তিনি ফলিত গণিত বিভাগের প্রাক্তনী ও মেদিনীপুরের বাসিন্দা হিসেবে নিজের গর্বের কথা তুলে ধরেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে স্বচ্ছ নিয়োগের মাধ্যমে তরুণ প্রজন্মের সামনে নতুন সুযোগ তৈরি হবে। শিক্ষা ও উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেই মতামত উচ্চশিক্ষা দপ্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন।তিনি আরও প্রতিশ্রুতি দেন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে জনজীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি বিদ্যাসাগরের আদর্শ ও মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন।অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষিকা, গবেষক, ছাত্রছাত্রী, প্রাক্তনী এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা ছাত্রজীবন থেকে জননেতা হয়ে ওঠার ড. গুছাইতের যাত্রাপথের কথা তুলে ধরে ভবিষ্যতেও শিক্ষা, সমাজ ও সাধারণ মানুষের উন্নয়নে তাঁর সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধন্যবাদজ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।