Skip to content

জাতীয় মঞ্চে মেদিনীপুরের গর্ব সুস্মিতা ভূঁইয়া, জোড়া সোনা জিতে গড়লেন নতুন ন্যাশনাল রেকর্ড

নিজস্ব সংবাদদাতা: জাতীয় স্তরে ফের একবার জেলার মুখ উজ্জ্বল করলেন মেদিনীপুরের কৃতি পাওয়ার লিফটার সুস্মিতা ভূঁইয়া। উত্তরপ্রদেশের মথুরায় অনুষ্ঠিত ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করে তিনি দুটি স্বর্ণপদক জয়ের পাশাপাশি গড়েছেন নতুন জাতীয় রেকর্ড। জাতীয় পাওয়ার লিফটিং ফেডারেশনের উদ্যোগে গত ৪ জুন থেকে ৭ জুন পর্যন্ত মথুরার শ্রী আদিগর বিদ্যালয়, বৃন্দাবন রোডে আয়োজিত হয়েছিল এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় সাব-জুনিয়র, জুনিয়র, ওপেন ও মাস্টার বিভাগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু প্রতিযোগী অংশগ্রহণ করেন।

কৃতি পাওয়ার লিফটার সুস্মিতা ভূঁইয়া।

জেলা ও রাজ্য স্তরে ধারাবাহিক সাফল্যের পর জাতীয় মঞ্চেও নিজের দক্ষতার প্রমাণ দিলেন সুস্মিতা। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি দুটি স্বর্ণপদক জয় করে শুধু নিজের নয়, পশ্চিম মেদিনীপুর তথা সমগ্র রাজ্যের ক্রীড়াপ্রেমীদের গর্বিত করেছেন। তার এই সাফল্যের অন্যতম আকর্ষণ নতুন ন্যাশনাল রেকর্ড স্থাপন, যা তাকে দেশের অন্যতম সম্ভাবনাময় পাওয়ার লিফটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সুস্মিতার প্রশিক্ষক সঞ্জীব দাস জানান, “নিয়ম মেনে দীর্ঘদিনের কঠোর অনুশীলন, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসই এই সাফল্যের মূল চাবিকাঠি। সুস্মিতা ভবিষ্যতেও আরও বড় মঞ্চে দেশের নাম উজ্জ্বল করবে বলে আমরা আশাবাদী।” সুস্মিতার এই কৃতিত্বে রাজ্যজুড়ে ক্রীড়ামহলে আনন্দের সঞ্চার হয়েছে। বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়াবিদ এবং শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আরও বড় সাফল্য অর্জন করে দেশের মুখ উজ্জ্বল করবেন বলেই আশা সকলের।

Latest