Skip to content

নাগরিক পরিষেবা উন্নয়নে মেদিনীপুর পৌরসভায় গুরুত্বপূর্ণ বৈঠক!

নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার, ১৯ মে মেদিনীপুর পৌরসভায় অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ পরিকল্পনা বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক ড. শংকর কুমার গুছাইত, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান এবং পৌরসভার কাউন্সিলররা। এদিন পৌরসভার পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়ককে আন্তরিক সংবর্ধনাও জানানো হয়।বৈঠকে আগামী দিনের উন্নয়নমূলক কর্মসূচি এবং নতুন সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প সফলভাবে বাস্তবায়নের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাধারণ মানুষের কাছে পৌরসভার পরিষেবা আরও দ্রুত, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।আলোচনায় নাগরিক পরিষেবা উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থা, পরিচ্ছন্নতা অভিযান, পানীয় জল সরবরাহ, রাস্তা সংস্কার এবং শহরের আলোকসজ্জা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান এবং সরকারি প্রকল্পের সুবিধা প্রত্যন্ত স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।মেদিনীপুর শহরকে আরও আধুনিক, উন্নত ও নাগরিকবান্ধব করে তোলার লক্ষ্যেই এই পরিকল্পনা বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠকে উপস্থিত সকলেই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামী দিনে উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

Latest