Skip to content

২৮ বছর পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ফিরলেন প্রাক্তনী মন্ত্রী রাজেশ মাহাত, সংবর্ধনায় আবেগঘন মুহূর্ত!

নিজস্ব সংবাদদাতা : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনী মন্ত্রী রাজেশ মাহাতকে সংবর্ধনা | ২৮ বছর পর ক্যাম্পাসে ফিরে আবেগঘন স্মৃতিচারণ!প্রাক্তন ছাত্র তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ উন্নয়ন ও মৎস্য দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রাজেশ মাহাতকে সংবর্ধনা জানাল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ। ১৯৯৮ সালে ইংরেজি বিভাগ থেকে স্নাতক হওয়ার প্রায় ২৮ বছর পর নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

৯ই জুলাই বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বীরেন্দ্রনাথ শাসমল সভাগৃহে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর, নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী, বিভাগীয় প্রধান ড. দেবদাস রায়-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, প্রাক্তনী ও বর্তমান ছাত্রছাত্রীরা।

সংবর্ধনা গ্রহণের পর রাজেশ মাহাত ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও শিক্ষকদের আদর্শই তাঁকে আজকের অবস্থানে পৌঁছতে সাহায্য করেছে। তিনি জানান, ইংরেজি সাহিত্য তাঁকে শুধু পাঠ্যজ্ঞান নয়, জীবনকে উপলব্ধি করার শিক্ষাও দিয়েছে। বক্তব্যের শেষে একটি ঝুমুর লোকগান পরিবেশন করে উপস্থিত সকলকে মুগ্ধ করেন।

উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর রাজেশ মাহাতকে বিশ্ববিদ্যালয়ের গর্বিত প্রাক্তনী হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর সাফল্য বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। বিভাগীয় প্রধান ড. দেবদাস রায় বলেন, বিভাগের ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তনী রাজ্যের মন্ত্রী হওয়ায় এটি অত্যন্ত গর্বের মুহূর্ত।অনুষ্ঠিটি প্রাক্তনী ও শিক্ষাপ্রতিষ্ঠানের আত্মিক সম্পর্কের এক উজ্জ্বল নিদর্শন হয়ে ওঠে।

Latest