Skip to content

অভাব নয়, মেধাই হোক এগিয়ে চলার শক্তি— কৃতি ছাত্রছাত্রীদের পাশে মুস্বা!

সেখ ওয়ারেশ আলী : রবিবার মাইনোরিটি ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (মুস্বা)-এর উদ্যোগে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ মেদিনীপুরের মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে মোট ১০ জন কৃতি পড়ুয়াকে সম্মানিত করা হয়। তাদের হাতে স্মারক, উপহার এবং শুভেচ্ছা স্মারক তুলে দেন সংস্থার সদস্যরা।

শুধু সংবর্ধনাই নয়, আর্থিকভাবে অনগ্রসর অথচ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে নিয়ে যেতে বিশেষ উদ্যোগও গ্রহণ করেছে মুস্বা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচিত দুইজন মেধাবী ছাত্র-ছাত্রীকে বিশেষ শিক্ষাবৃত্তির আওতায় আনা হয়েছে। আগামী দিনে তাদের পড়াশোনার সহায়তায় প্রতি তিন মাস অন্তর প্রত্যেককে ২ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হবে।

সংস্থার কর্মকর্তারা জানান, সমাজে বহু প্রতিভাবান ছাত্র-ছাত্রী রয়েছে, যারা শুধুমাত্র আর্থিক সীমাবদ্ধতার কারণে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে নানা বাধার সম্মুখীন হয়। সেইসব শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষাজীবনকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই মুস্বার অন্যতম প্রধান লক্ষ্য।এদিনের অনুষ্ঠানে বক্তারা শিক্ষার প্রসার, সামাজিক দায়বদ্ধতা এবং মেধার যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজের সকল শ্রেণির মানুষকে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

Latest