Skip to content

মেদিনীপুরের ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে ‘নিখোঁজ’ পোস্টার, রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ বাসিন্দাদের!

সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নম্রতা চৌধুরীর বিরুদ্ধে এলাকায় পড়েছে ‘নিখোঁজ’ পোস্টার। নতুন বাজার এলাকায় টাঙানো ওই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক ও সামাজিক চর্চা। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, নির্বাচনের পর থেকে কাউন্সিলরকে এলাকায় প্রায় দেখা যায় না। ফলে রাস্তা, পানীয় জল-সহ একাধিক নাগরিক পরিষেবার সমস্যা দীর্ঘদিন ধরেই অমীমাংসিত রয়ে গিয়েছে।

বাসিন্দাদের দাবি, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পথশ্রী-৪ প্রকল্পের আওতায় নতুন বাজার থেকে বল্লভপুর পর্যন্ত ইন্টারলকিং কংক্রিট পেভার ব্লকের রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছিল। কিন্তু অভিযোগ, অর্ধেক কাজ করার পরই নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। বর্তমানে প্রায় আধ কিলোমিটার রাস্তা জুড়ে ছড়িয়ে রয়েছে পাথর ও নির্মাণসামগ্রী, যার ফলে প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে।স্থানীয়দের অভিযোগ, স্কুলপড়ুয়া ছাত্র-ছাত্রী, শিশু, প্রবীণ এবং নিত্যযাত্রীদের এই ভাঙাচোরা রাস্তা ব্যবহার করতে গিয়ে প্রতিনিয়ত সমস্যার মুখে পড়তে হচ্ছে। বর্ষার সময় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে বলে তাঁদের দাবি।

এদিকে, আর কয়েক দিনের মধ্যেই মেদিনীপুরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। প্রতি বছর এই উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি বাইরে থেকেও হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম হয়। কিন্তু রাস্তার বর্তমান অবস্থা নিয়ে নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বাসিন্দাদের আরও অভিযোগ, সমস্যার কথা জানাতে কাউন্সিলরের কার্যালয়ে গিয়েও তাঁরা সেটি বন্ধ অবস্থায় পেয়েছেন। ফলে তাঁদের প্রশ্ন, এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে এগিয়ে আসবেন কে? রথযাত্রার আগেই রাস্তার কাজ শেষ হবে কি না, নাকি অসম্পূর্ণ রাস্তা নিয়েই উৎসবের সময় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হবে—সেই প্রশ্নই এখন ঘুরছে গোটা ১৭ নম্বর ওয়ার্ডজুড়ে।তবে এই অভিযোগের বিষয়ে কাউন্সিলর নম্রতা চৌধুরীর কোনও প্রতিক্রিয়া প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

Latest