সেখ ওয়ারেশ আলী : সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিলেন মেদিনীপুর ২৩৬ নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত। রবিবার বিকেলে মেদিনীপুর শহরের ধর্মা এলাকায় নারায়ণ বিদ্যা ভবন বয়েজ স্কুলের নিকটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল ‘বিধায়ক সেবা কেন্দ্র’।ফিতে কেটে সেবা কেন্দ্রের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সৌম্য শঙ্কর সারেঙ্গী, বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।এই সেবা কেন্দ্রের মাধ্যমে এলাকার বাসিন্দারা বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা সম্পর্কে তথ্য ও প্রয়োজনীয় সহায়তা পাবেন।

এছাড়াও সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ, বিভিন্ন ধরনের শংসাপত্র ও প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত সহযোগিতা, আবেদনপত্র জমা দেওয়া এবং ব্যক্তিগত সমস্যা বা অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে একাধিক সমাজকল্যাণমূলক কর্মসূচিও গ্রহণ করা হয়। চারজন বিশেষভাবে সক্ষম ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় ট্রাইসাইকেল, যাতে তাঁদের দৈনন্দিন চলাচল আরও সহজ হয়।

পাশাপাশি উপস্থিত মহিলাদের সম্মান জানিয়ে শাড়ি উপহার দেন বিধায়ক।সম্প্রতি টানা বর্ষণে যেসব পরিবারের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যাঁদের বসতবাড়িতে বৃষ্টির জল ঢুকছে, তাঁদের হাতে ত্রিপলও তুলে দেন ড. শঙ্কর কুমার গুছাইত। তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সরকারি পরিষেবা সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই সেবা কেন্দ্র চালুর মূল উদ্দেশ্য।স্থানীয় বাসিন্দাদের মতে, ‘বিধায়ক সেবা কেন্দ্র’ চালু হওয়ায় সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে এবং প্রশাসনের সঙ্গে মানুষের যোগাযোগ আরও সহজ ও কার্যকর হবে।