সুমন মণ্ডল : চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্য পরিষেবার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখলেন। হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, টয়লেট পরিষেবা এবং রোগীদের আরও উন্নত পরিষেবা প্রদান নিয়ে রোগী কল্যাণ সমিতির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
বৈঠকে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের কীভাবে আরও ভালো পরিষেবা দেওয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের দিকেও গুরুত্ব দেওয়া হয়।
পরিদর্শনের সময় বিধায়ক বিভিন্ন ওয়ার্ডে ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। হাসপাতালের পরিষেবা আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন।
রোগী কল্যাণ সমিতির বৈঠকে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা-২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও বিকাশ কুমার বিজলি, চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ স্বপনীল মিস্ত্রি, বিধায়ক সুকান্ত দোলুই সহ রোগী কল্যাণ সমিতির সদস্যরা।
