নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে মেদিনীপুরের উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন সাংসদ জুন!
নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়া শুক্রবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে মেদিনীপুরের শিল্পায়ন, কর্মসংস্থান, পরিকাঠামো উন্নয়ন, আদিবাসী সমাজের উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং ক্রীড়ার প্রসার নিয়ে আলোচনা হয়। সাক্ষাতের পর জুন মালিয়া জানান, অমিত শাহের দিকনির্দেশনা তাঁকে আরও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবায় কাজ করার অনুপ্রেরণা দিয়েছে। তিনি বলেন, শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলে কর্মসংস্থান বৃদ্ধি, আদিবাসী ও মহিলাদের উন্নয়ন এবং তৃণমূল স্তরে ফুটবলের প্রসারে তিনি অগ্রাধিকার দেবেন। সাংসদ আশাবাদ ব্যক্ত করে বলেন, মেদিনীপুরবাসীর সহযোগিতা ও নেতৃত্বের দিক নির্দেশনায় আগামী দিনে আরও উন্নত, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক মেদিনীপুর গড়ে তোলা সম্ভব হবে। এই সৌজন্য সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলেও যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে এই বৈঠক আগামী দিনে মেদিনীপুরের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।