Skip to content

IIT খড়গপুরে রহস্যজনক মৃত্যু,আবাসন থেকে সহকারী অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার

মৃত অধ্যাপক ড. দীপক রেড্ডি পুল্লাগুরাম

নিজস্ব সংবাদদাতা:পশ্চিম মেদিনীপুরের খড়গপুর আইআইটি ক্যাম্পাসে এক সহকারী অধ্যাপকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দুপুরে ক্যাম্পাসের একটি আবাসিক কোয়ার্টার থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষিকা, গবেষক ও পড়ুয়াদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত অধ্যাপকের নাম ড. দীপক রেড্ডি পুল্লাগুরাম (৩৬)। তিনি আইআইটি খড়গপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।হায়দরাবাদের বাসিন্দা ড. পুল্লাগুরাম কর্মসূত্রে দীর্ঘদিন ধরে আইআইটি ক্যাম্পাসের আবাসিক কোয়ার্টারে একাই থাকতেন।বুধবার দুপুরে নিরাপত্তারক্ষীরা সন্দেহজনক পরিস্থিতির খবর পেয়ে কর্তৃপক্ষকে জানান।এরপর খড়গপুর টাউন থানার অধীন হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অধ্যাপককে উদ্ধার করে আইআইটি ক্যাম্পাসের বি. সি. রায় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার পর পুলিশ আবাসিক কোয়ার্টারটি সিল করে ফরেনসিক ও অন্যান্য প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই মৃত অধ্যাপকের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া হচ্ছে না।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আইআইটি খড়গপুর ক্যাম্পাসে নেমে আসে শোকের ছায়া। সহকর্মী, গবেষক ও পড়ুয়ারা এই আকস্মিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

Latest