Skip to content

সবংয়ে মাছ ধরতে গিয়ে রহস্যজনক মৃত্যু যুবকের! রাতভর খোঁজাখুঁজির পর জমি থেকে উদ্ধার দেহ, শোকস্তব্ধ পরিবার

মৃত যুবক মানস সামন্ত

নিজস্ব সংবাদদাতা :পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত ৫ নম্বর সারতা গ্রাম পঞ্চায়েতের ক্রোড়দা এলাকায় মাছ ধরতে গিয়ে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম মানস সামন্ত (৩১)। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাড়ির পিছনের জমিতে ফুটজাল নিয়ে মাছ ধরতে যান মানস সামন্ত। গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর তাঁকে খুঁজতে বেরিয়ে বাড়ির পিছনের জমিতেই অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন।তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আকস্মিক এই ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিশ হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট নয়। এটি কোনও দুর্ঘটনা, শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে, সেই সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে ক্রোড়দা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Latest