স্টার্ট-আপ সংস্কৃতি ও কর্মসংস্থানের নতুন দিশা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় কর্মশালা!
নিজস্ব সংবাদদাতা : উদ্ভাবন, স্টার্ট-আপ সংস্কৃতি এবং দক্ষতাভিত্তিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট সেন্টার (এসডিসি)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল "উদ্ভাবন, স্টার্ট-আপ ও দক্ষতাভিত্তিক অর্থনীতি গড়ে তোলা" শীর্ষক একদিনের জাতীয় কর্মশালা।অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন, আইকিউএসি-র অধিকর্তা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের বিশিষ্ট শিক্ষাবিদ, রাজ্যের বিভিন্ন প্রান্তের সংযুক্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং শিক্ষক-শিক্ষিকারা।

কর্মশালায় সম্পদ ব্যক্তি হিসেবে বক্তব্য রাখেন রামাদেবী মহিলা বিশ্ববিদ্যালয় (ওড়িশা)-এর ওএসডি ও অধ্যাপক ড. জ্যোতির্ময়ী উদ্গাতা, টাটা স্টিলের টি. ভি. এস. শেনয় এবং এমএসএমই বিশেষজ্ঞ সম্বিত দত্ত। তাঁরা জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০-এর আলোকে দক্ষতা উন্নয়ন, শিল্প-শিক্ষা সংযোগ, উদ্যোক্তা তৈরির প্রয়োজনীয়তা, স্টার্ট-আপ ইকোসিস্টেম এবং ভবিষ্যতের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।বিশ্ববিদ্যালয় ও রাজ্যের বিভিন্ন সংযুক্ত মহাবিদ্যালয় থেকে প্রায় ৮০ জন অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

তাঁদের সক্রিয় মতবিনিময় ও অংশগ্রহণ কর্মসূচিকে আরও সমৃদ্ধ করে তোলে।স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের আহ্বায়ক ড. অভিজিৎ রায় চৌধুরী জানান, উচ্চশিক্ষায় দক্ষতাভিত্তিক শিক্ষা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং উদ্যোক্তা সংস্কৃতিকে আরও শক্তিশালী করে তোলাই এই কর্মশালার মূল লক্ষ্য।অনুষ্ঠনের সূচনায় স্বাগত ভাষণ দেন স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের যৌথ সমন্বয়ক অধ্যাপক শঙ্কর কুমার রায়। তিনি কর্মশালার উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন। সমগ্র কর্মসূচির সফল সমন্বয়ের দায়িত্ব পালন করেন স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের যৌথ সমন্বয়ক অধ্যাপক নীলাঞ্জনা দাস চ্যাটার্জী।উচ্চশিক্ষায় দক্ষতাভিত্তিক শিক্ষার প্রসার, উদ্ভাবন এবং উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে এই জাতীয় কর্মশালাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করছেন অংশগ্রহণকারীরা।