সেখ ওয়ারেশ আলী: গ্রীষ্মকাল মানেই বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি। আর সেই সংকটের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই এবার অভিনব মানবিক উদ্যোগ নিল মেদিনীপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লী অ্যাথলেটিক ক্লাব। ক্লাবের উদ্যোগে রবিবার আয়োজিত হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবির, যেখানে এলাকার যুবক-যুবতীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কেড়েছে। আয়োজকদের বক্তব্য, গরমের সময় রক্তের চাহিদা তুলনামূলকভাবে বেড়ে যায়। বহু সময় জরুরি প্রয়োজনে রোগীর পরিবারের সদস্যদের ব্লাড ব্যাঙ্কে গিয়েও রক্ত না পেয়ে সমস্যায় পড়তে হয়। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। শিবিরে প্রায় ৫০ জন যুবক-যুবতী রক্তদান করেন বলে ক্লাব সূত্রে জানা গিয়েছে। রক্ত সংগ্রহের দায়িত্বে ছিল মেদিনীপুর মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্ক। শিবিরে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র খেলাধুলা নয়, সমাজের প্রয়োজনে মানবিক কাজেও তারা আগামী দিনে আরও সক্রিয় ভূমিকা পালন করবে। এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি রক্তদানে নতুন প্রজন্মকে উৎসাহিত করবে বলেই মনে করছেন উপস্থিতরা।