সেখ ওয়ারেশ আলী: শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে পশ্চিম মেদিনীপুর জেলায় আনুষ্ঠানিকভাবে চালু হলো নতুন ‘PACE’ (Police Assistance in Career & Employment Enhancement) অ্যাপ। স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুসারে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা আনুষ্ঠানিকভাবে ‘PACE’ অ্যাপের উদ্বোধন করেন। একইসঙ্গে আবেদনপত্র গ্রহণ ও অনলাইন ফর্ম পূরণের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে তিনি জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, জেলার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও আত্মনির্ভর করে তোলাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। পাশাপাশি সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পদ্ধতিতে যোগ্য প্রার্থীদের কাছে কর্মসংস্থানের সুযোগ পৌঁছে দেওয়ার বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পে মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে ৩০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে কর্মসংস্থানের ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, প্রথম পর্যায়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১,০০০ জন যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হবে। আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। প্রশাসনের তরফে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিতে এবং আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যেতে ‘PACE’ অ্যাপ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রশাসনের আশা, এই উদ্যোগ আগামী দিনে জেলার কর্মসংস্থান পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং বহু যুবক-যুবতীর জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।