নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ চার বছরেরও বেশি সময় পর পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকে ফের শুরু হল গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের কাজ। প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্পে এবার শুধু ১০০ দিন নয়, উপযুক্ত শ্রমিকরা সর্বোচ্চ ১২৫ দিনের কর্মসংস্থানের সুযোগ পাবেন বলে জানানো হয়েছে। এর ফলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং খেটে খাওয়া মানুষের হাতে আরও বেশি আয় পৌঁছাবে বলে আশা প্রশাসনের।

শালবনী থানার পাত্রী এলাকায় প্রকল্পের আনুষ্ঠানিক সূচনার দিন থেকেই বহু গ্রামবাসী উৎসাহের সঙ্গে কাজে যোগ দেন। দীর্ঘদিন পর কর্মসংস্থানের সুযোগ ফিরে পাওয়ায় তাঁদের মুখে ফুটেছে হাসি। স্থানীয়দের বক্তব্য, এই প্রকল্প পুনরায় চালু হওয়ায় সংসারের আর্থিক চাপ অনেকটাই কমবে।প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে জেলা প্রশাসনও একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। ১০০ দিনের কাজকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের দুর্নীতি, কাটমানি বা অনিয়মের অভিযোগ না ওঠে, তার জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। এডিএম (জেলা পরিষদ) সুকান্ত দাস জানান, জেলার বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ গ্রহণের জন্য একটি বিশেষ অভিযোগ গ্রহণ কেন্দ্র (কমপ্লেন সেল) চালু করা হবে। পাশাপাশি প্রকল্পের প্রতিটি ধাপ পর্যবেক্ষণের জন্য গঠন করা হবে পৃথক মনিটরিং টিম।প্রশাসনের আশা, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন গ্রামীণ মানুষের কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে তেমনি এলাকার সামগ্রিক উন্নয়নেও নতুন গতি আসবে।