Skip to content

৩৬ বছরের লড়াইয়ের স্বীকৃতি, চন্দ্রকোনা রোডে সংবর্ধিত বিজেপির প্রবীণ কর্মী খগেন্দ্রনাথ বেরা!

অভিজিৎ সাহা: ৩৬ বছরের রাজনৈতিক সংগ্রাম ও দলীয় আদর্শের প্রতি অটুট নিষ্ঠার স্বীকৃতি হিসেবে চন্দ্রকোনা রোডে বিজেপির প্রবীণ কর্মী খগেন্দ্রনাথ বেরাকে সংবর্ধনা জানানো হলো। পশ্চিমবঙ্গে দীর্ঘ রাজনৈতিক পালাবদলের পর বিজেপি ক্ষমতায় আসায় উচ্ছ্বাসের আবহে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।দলীয় সূত্রে জানা গিয়েছে, ১৯৮৯ সালে চন্দ্রকোনা রোড এলাকায় বিজেপির সংগঠন গড়ে তোলার প্রথম সারির যাঁরা উদ্যোগী ছিলেন, তাঁদের অন্যতম ছিলেন খগেন্দ্রনাথ বেরা। সংবর্ধনা অনুষ্ঠানে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা স্মৃতিচারণ করেন তিনি। তাঁর কথায়, সেই সময় এলাকায় বিজেপির সংগঠন ছিল অত্যন্ত দুর্বল এবং মাত্র ১০ জন কর্মীকে নিয়ে শুরু হয়েছিল পথচলা। রাজনৈতিক মতাদর্শের কারণে তৎকালীন শাসকদলের বিরোধিতা ও একাধিক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হলেও কখনও দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি তিনি।বর্তমান রাজনৈতিক পরিবর্তন প্রসঙ্গে আবেগঘন হয়ে পড়েন প্রবীণ এই বিজেপি কর্মী।

তিনি জানান, পশ্চিমবঙ্গে বিজেপির এই জয় তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ের এক বড় প্রাপ্তি। পরিবারের সদস্যদের দাবি, ভোটের ফল প্রকাশের দিন সকাল থেকেই টেলিভিশনের সামনে বসে ছিলেন খগেন্দ্রনাথ বেরা। ফলাফল স্পষ্ট হওয়ার পর বিজেপির জয়ে তিনি অত্যন্ত আনন্দিত হয়ে ওঠেন।সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক গৌতম কৌরি, শালবনী মণ্ডল ১-এর সভাপতি সুশান্ত কারক, শালবনী মণ্ডল ২-এর সভাপতি পলাশ সেন, মণ্ডলের সাধারণ সম্পাদক সঞ্জীব ঘোষ, প্রাক্তন মণ্ডল সভাপতি হরে রাম সিং সহ এলাকার বহু বিজেপি কর্মী ও সমর্থক।দলের নেতৃত্বের বক্তব্য, দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া প্রবীণ কর্মীদের সম্মান জানানো বর্তমান প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। রাজনৈতিক সংগ্রামের ইতিহাস ও আদর্শের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই খগেন্দ্রনাথ বেরা মহাশয়কে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Latest