সুমন মণ্ডল: পলাশচাবড়ি ব্যবসায়ী সমিতি ও পলাশচাবড়ি মেলা কমিটির যৌথ উদ্যোগে নবনির্বাচিত চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক Sukanta Dolui-কে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হলো।এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা থানার ওসি পুরুষোত্তম পান্ডে, ব্যবসায়ী সমিতি ও মেলা কমিটির সদস্যরা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে বিধায়ককে সম্মান জানানো হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত দোলুই বলেন, “আমি পার্ট টাইম বিধায়ক নই, ফুলটাইম বিধায়ক। এলাকার উন্নয়নের স্বার্থে সব সময় আপনাদের পাশে থাকব।” তিনি ব্যবসায়ী সমিতি ও মেলা কমিটির বিভিন্ন দাবি ও সমস্যার বিষয় গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন।অনুষ্ঠানে এলাকার উন্নয়ন, ব্যবসায়ীদের সুবিধা এবং মেলার সার্বিক পরিকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্যবসায়ী সমিতির সদস্যরা বিধায়কের কাছে একাধিক দাবি তুলে ধরেন। নদীর ধারে বসা সবজি বাজারের জন্য স্থায়ী শেড নির্মাণ, নদীভাঙন রোধে দুর্বল বাঁধের উপর গার্ডওয়াল তৈরি এবং এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে নতুন স্ট্রিট লাইট বসানোর দাবি জানানো হয়।বিধায়ক এলাকার সার্বিক উন্নয়নে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশ্বাস দেন।
“আমি ফুলটাইম বিধায়ক” — পলাশচাবড়িতে বার্তা সুকান্ত দোলুইয়ের!