Skip to content

ডেবরায় আত্মপ্রকাশ ‘রাধামোহনপুর নাগরিক সমিতির’, পরিবেশ সচেতনতা দিবস উদযাপন!

সমীরণ ভৌমিক : ২৬ জুলাই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুরে আত্মপ্রকাশ করল ‘রাধামোহনপুর নাগরিক সমিতি’। একই সঙ্গে রবিবার রাধামোহনপুর রামকৃষ্ণ মিলন মন্দির বিদ্যায়তনে পরিবেশ সচেতনতা দিবস উদযাপন করা হয়।শহুরে সভ্যতার ক্রমবর্ধমান চাপে পরিবেশ আজ বিপন্ন। আগামী প্রজন্মের জন্য পরিবেশ রক্ষা ও সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সমিতির পক্ষ থেকে নির্ধারিত পরিবেশভিত্তিক বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগীরা ছবি আঁকে।সকাল ৮টায় বন্দেমাতরম ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দর্শকদের জন্য ‘প্লাস্টিক ও বিপন্ন পরিবেশ’ বিষয়ের উপর একটি বিশেষ স্লাইড শো প্রদর্শন করা হয়।পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনায় বক্তব্য রাখেন কলকাতা থেকে আগত পরিবেশবিষয়ক বিজ্ঞানী ডঃ কল্লোল বসাক। তিনি পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের ভূমিকা এবং আগামী প্রজন্মকে সচেতন করার গুরুত্ব তুলে ধরেন।‘রাধামোহপুর নাগরিক সমিতি’র মূল লক্ষ্য হিসেবে সাক্ষরতা অভিযান, মাদকবিরোধী প্রচার, বৃক্ষরোপণ, দূষণমুক্ত পানীয় জলের ব্যবহার, জলের অপচয় রোধ, বিদ্যুৎ সাশ্রয় এবং প্লাস্টিক ও পলিথিন বর্জনের মতো একাধিক সামাজিক উদ্যোগের কথা তুলে ধরা হয়।এছাড়াও তরুণ-তরুণীদের মূল্যবোধ, মানবিকতা ও মনুষ্যত্বের মূল স্রোতে ফিরিয়ে আনা, অ্যান্ড্রয়েড ফোনের অপব্যবহার সম্পর্কে সচেতনতা, সামাজিক সুরক্ষা, বয়স্ক মানুষদের সঙ্গে যোগাযোগ ও সান্নিধ্য বৃদ্ধি এবং জাতপাতের ভেদাভেদ দূরীকরণে সক্রিয় ভূমিকা নেওয়ার লক্ষ্যও জানানো হয়।সমিতির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন সম্পাদক মাস্টার মদনমোহন উপাধ্যায়।অনুষ্ঠানের শেষপর্বে অঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।

Latest