নিজস্ব সংবাদদাতা : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনন্য অনুষ্ঠানের আয়োজন করা হয় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে। শুক্রবার, ৫ জুন ২০২৬, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণের উপস্থিতিতে জেলার বিভিন্ন প্রান্তের স্কুলপড়ুয়াদের নিয়ে আন্তরিক পরিবেশে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস।উল্লেখ্য, গত ২২ মার্চ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদের উদ্যোগে রাজ্যস্তরের একটি পোস্টার অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতার বিষয় ছিল— “একটি গাছ, অনেক প্রাণ”। জেলার বিভিন্ন স্কুলে এই বার্তা পৌঁছে দিয়ে পড়ুয়াদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়।

নির্বাচন-পরবর্তী নানা প্রশাসনিক ব্যস্ততা ও কাজের চাপের মধ্যেও নির্ধারিত সময়ে ছাত্রছাত্রীদের আঁকা ছবি সংগ্রহ, বাছাই এবং জীববৈচিত্র্য পর্ষদে পাঠানোর কাজ সম্পন্ন হয় সকলের সহযোগিতায়।বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পড়ুয়াদের জেলাশাসকের কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়। কেক কেটে দিবসটির আনুষ্ঠানিক উদযাপন করা হয় এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।জেলাশাসক বিজিন কৃষ্ণ নিজে প্রতিটি পড়ুয়ার আঁকা পোস্টার গভীর আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করেন এবং তাদের উৎসাহিত করেন। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘আরণ্যক’। পরিবেশ সচেতনতা ও প্রকৃতিপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে।