সেখ ওয়ারেশ আলী : তীব্র দাবদাহে কার্যত হাঁসফাঁস অবস্থা মেদিনীপুর শহর সহ গোটা পশ্চিম মেদিনীপুর জেলার মানুষের। আবহাওয়া দফতর আগেই সতর্ক করেছিল, রাজ্যে বর্ষা প্রবেশের আগে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। সেই পূর্বাভাস মেনেই গত কয়েকদিন ধরে ক্রমশ বেড়েছে গরমের দাপট।১৯শে মে,মঙ্গলবার মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায় প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াসে। তার সঙ্গে গুমোট ও অস্বস্তিকর আবহাওয়া সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় ছাতা মাথায় কিংবা মুখ ও হাত কাপড়ে ঢেকে বেরোতে দেখা যায় মানুষজনকে।

প্রচণ্ড গরম থেকে সাময়িক স্বস্তি পেতে ডাবের জল, শরবত এবং ঠান্ডা পানীয়ের দোকানগুলিতে ছিল উপচে পড়া ভিড়। দুপুর গড়াতেই শহরের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে যায়। বিশেষ প্রয়োজন ছাড়া অধিকাংশ মানুষকে বাড়ির বাইরে বেরোতে দেখা যায়নি।আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে এই ধরনের গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে। ফলে বর্ষার অপেক্ষায় এখন কার্যত নাজেহাল পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দারা।