Skip to content

ঘাটালে বন্যার আশঙ্কা, বর্ষার আগেই নদীবাঁধ পরিদর্শনে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা!

সুমন মণ্ডল : বর্ষা শুরু হওয়ার আগেই সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করতে মাঠে নামল প্রশাসন। প্রতি বছরের মতো এ বছরও ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা থাকায় আগাম পরিস্থিতি খতিয়ে দেখতে ২৩শে জুন মঙ্গলবার নদীবাঁধ ও ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা।ঘাটাল মহকুমার শিলাবতী, মনসুকা ও ঝুমি নদীর জলস্তর বৃদ্ধি পেলেই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

ফলে ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট, বসতবাড়ি এবং কৃষিজমি। এই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।২৩শে জুন মঙ্গলবার ঘাটাল ব্লকের মনসুকা-১ গ্রাম পঞ্চায়েতের মনসুকা এলাকা এবং অজবনগর-১ গ্রাম পঞ্চায়েতের গড়খাই চাতাল এলাকা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট, বিডিও অভিক বিশ্বাস এবং প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

পরিদর্শনকালে নদীবাঁধের বর্তমান অবস্থা, দুর্বল অংশ এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলি খতিয়ে দেখা হয়। পাশাপাশি বন্যা পরিস্থিতি তৈরি হলে দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ পরিচালনার জন্য কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সম্ভাব্য দুর্যোগের সময় কীভাবে নিরাপদ স্থানে সরে যেতে হবে এবং সরকারি নির্দেশিকা মেনে চলতে হবে, সে সম্পর্কেও বিভিন্ন সতর্কতামূলক বার্তা দেওয়া হয়।জেলা প্রশাসনের দাবি, বর্ষা মরশুমে যাতে মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো যায়, সেই লক্ষ্যেই আগাম প্রস্তুতি ও পরিদর্শন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী দিনেও বন্যাপ্রবণ এলাকাগুলিতে নজরদারি এবং প্রস্তুতি অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Latest