অভিজিৎ সাহা : পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় তৃণমূল কংগ্রেসের একটি অস্থায়ী পার্টি অফিস থেকে বিপুল পরিমাণ কম্বল ও ত্রিপল উদ্ধারের ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। জাতীয় সড়কের ধারে অবস্থিত ওই পার্টি অফিস খোলা হলে সেখানে থরে থরে সাজানো অবস্থায় ত্রাণসামগ্রী দেখতে পান স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা বলে দাবি।BJP-র অভিযোগ, উদ্ধার হওয়া কম্বল ও ত্রিপল পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণসামগ্রী, যা মূলত গরিব ও দুঃস্থ মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ ছিল।

বিজেপির প্রশ্ন, সরকারি ত্রাণসামগ্রী কেন একটি রাজনৈতিক দলের অস্থায়ী পার্টি অফিসে মজুত রাখা হয়েছিল?তাদের আরও দাবি, প্রকৃত উপভোক্তাদের হাতে ত্রাণ পৌঁছে না দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে এই সামগ্রী ব্যবহার করার চেষ্টা চলছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলে বিজেপির দাবি।যদিও এই অভিযোগ নিয়ে TMC-এর তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। স্থানীয় নেতৃত্বও এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। প্রশাসন বিষয়টি নিয়ে তদন্তে নামবে কি না, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।