Skip to content

গড়বেতায় আদিবাসী মর্যাদা উৎসব, সরকারি পরিষেবা শিবিরে ব্যাপক সাড়া!

অভিজিৎ সাহা: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ ব্লকের আদিবাসী অধ্যুষিত সোনারবের গ্রামে অনুষ্ঠিত হলো “আদিবাসী মর্যাদা উৎসব ২০২৬” উপলক্ষে বিশেষ সচেতনতা ও পরিষেবা শিবির। কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রকের উদ্যোগে দেশজুড়ে পালিত এই কর্মসূচিকে ঘিরে এদিন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।আদিবাসী সমাজের সংস্কৃতি, ঐতিহ্য ও অধিকার রক্ষার বার্তা নিয়ে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী ও বহু গ্রামবাসী।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাতে প্রত্যন্ত এলাকার আদিবাসী মানুষের কাছে সহজে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।এদিনের পরিষেবা শিবিরে আধার কার্ড সংশোধন ও নতুন আবেদন, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিষেবা, রেশন কার্ড সংক্রান্ত সহায়তা, জব কার্ডের আবেদন ও তথ্য প্রদান সহ একাধিক সরকারি পরিষেবা দেওয়া হয়। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা, আবেদন পদ্ধতি ও বিভিন্ন সহায়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ কাউন্টারও খোলা হয়।

অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তির ব্যবহার এবং সামাজিক উন্নয়নের বিষয়েও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা বলেন, আদিবাসী সমাজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। তাই তাঁদের মর্যাদা, অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।উল্লেখ্য, “আদিবাসী মর্যাদা উৎসব ২০২৬” কর্মসূচি ১০ মে থেকে ৯ জুন পর্যন্ত দেশজুড়ে পালিত হচ্ছে। এর মধ্যে ১৮ মে থেকে ২৫ মে পর্যন্ত চলছে বিশেষ জনঅংশগ্রহণ অভিযান। উৎসবের মূল লক্ষ্য আদিবাসী অধ্যুষিত এলাকায় সরকারি প্রকল্পগুলির শতভাগ সুবিধা পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। ভবিষ্যতেও এ ধরনের পরিষেবা শিবির আরও বেশি করে আয়োজনের দাবি তুলেছেন তাঁরা।

Latest