নিজস্ব সংবাদদাতা : ১৩ই মে বুধবার ,খড়গপুরে বড় রেল দুর্ঘটনা এড়ানো গেল, লাইনচ্যুত তেলবাহী মালগাড়ি!পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেল স্টেশন-এর ইয়ার্ডে বুধবার বিকেলে তেলবাহী ট্যাঙ্কার নিয়ে চলা একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় চাঞ্চল্য ছড়ায় রেলমহলে। তবে ঘটনাটি মূল লাইনে প্রবেশের ঠিক আগেই ঘটায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যাত্রীবাহী ট্রেন চলাচলেও কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেল সূত্রে জানা গিয়েছে, মালগাড়িটি ইয়ার্ড থেকে মূল লাইনের দিকে এগোচ্ছিল। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ট্রেনটি পরপর তিনটি সিগন্যাল অতিক্রম করার পর মূল ট্র্যাকে ওঠার আগেই কয়েকটি বগি আচমকা লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনাকে ঘিরে সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান রেলের ঊর্ধ্বতন আধিকারিক, কারিগরি কর্মী এবং উদ্ধারকারী দল। দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু হয়। পাশাপাশি লাইনচ্যুত বগিগুলি সরিয়ে রেললাইন মেরামতির কাজও শুরু করা হয়েছে।রেল কর্তৃপক্ষের দাবি, ঘটনাটি যেহেতু ইয়ার্ড এলাকায় ঘটেছে, তাই মূল রেললাইন নিরাপদ ছিল এবং কোনও যাত্রীবাহী বা অন্য মালবাহী ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি।দুর্ঘটনার সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কারিগরি ত্রুটি, সিগন্যালিং ব্যবস্থা কিংবা পয়েন্ট বিকলের মতো সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।তেলবাহী মালগাড়ির এই লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেল নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠলেও, সময়মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।