Skip to content

খড়গপুরে হকার উচ্ছেদের প্রতিবাদে বামেদের মিছিল, পুনর্বাসনের দাবি!

অরিন্দম চক্রবর্তী : খড়গপুরে স্টেশন চত্বর ও সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদের প্রতিবাদে খড়গপুরে বিক্ষোভ মিছিল করল বামপন্থী সংগঠনগুলি। রাজ্যজুড়ে হকার উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সরব হয়ে বিজেপি পরিচালিত রাজ্য সরকারের সমালোচনায় মুখর হন বাম নেতৃত্ব।খড়গপুরের এই মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়নের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দিলীপ দে, সিটু নেতা অসিত সরকার, কামরুজ্জামান, অমল মজুমদার, বাপি দাস-সহ অন্যান্য বামপন্থী নেতা ও কর্মীরা।জানা গিয়েছে, খড়গপুর স্টেশন সংলগ্ন এলাকায় প্রায় দেড়শো ক্ষুদ্র ব্যবসায়ী ও হকার ইতিমধ্যেই রেলের পক্ষ থেকে উচ্ছেদের নোটিস পেয়েছেন। তাঁদের জীবিকা রক্ষা এবং বিকল্প পুনর্বাসনের দাবিতে ২৯ মে বোগদা এলাকায় একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।বাম নেতৃত্বের অভিযোগ, পুনর্বাসনের কোনও সুস্পষ্ট পরিকল্পনা ছাড়াই হকার উচ্ছেদের উদ্যোগ নেওয়া হচ্ছে। তারা দাবি করেন, সম্প্রতি চাকদহে উচ্ছেদ অভিযানে দোকান ভেঙে দেওয়ার পর ঋণের বোঝা ও আর্থিক অনিশ্চয়তায় এক হকার আত্মহত্যা করেছেন। এমন পরিস্থিতি অন্যত্রও তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি তোলা হয়, হকারদের বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার পরেই উচ্ছেদ অভিযান চালানো হোক। এই দাবিতে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে বামপন্থী সংগঠনগুলি।

Latest