অরিন্দম চক্রবর্তী : খড়গপুরে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা। ৯ই জুন মঙ্গলবার সকালে কৌশল্যা মোড় এলাকায় ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল খড়গপুর পৌরসভার এক সাফাই কর্মীর। মৃতের নাম ভাস্কর রাও (৩৬)। তিনি ঝাপেটাপুরের গাইকাটা স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা এবং খড়গপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের অধিবাসী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও তিনি রাস্তার জঞ্জাল পরিষ্কারের কাজ করছিলেন। কাজ শেষ করে ট্রলি রাস্তার ধারে রাখার সময় কৌশল্যা সবজি মার্কেটের সামনে বারবেটিয়ার দিক থেকে আসা একটি বড় ডাম্পারের ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান। অভিযোগ, এরপর ডাম্পারের চাকা তাঁর মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ঘাতক ডাম্পারটিকে আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, কৌশল্যা এলাকায় দীর্ঘদিন ধরেই ফুটপাত দখল হয়ে রয়েছে। ফলে রাস্তা অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে এবং প্রায়শই যানজট ও দুর্ঘটনার ঘটনা ঘটছে।বিক্ষোভের জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা গৌতম ভট্টাচার্য জানান, সাফাই কর্মী ভাস্কর রাও ট্রলি রাখার সময় একটি বাইককে বাঁচাতে গিয়ে ভারসাম্য হারিয়ে ডাম্পারের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।তিনি আরও অভিযোগ করেন, কৌশল্যা এলাকার রাস্তার দু’পাশের ফুটপাত দীর্ঘদিন ধরে দখল হয়ে রয়েছে। ফলে রাস্তার পরিধি কমে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। প্রশাসনের কাছে অবিলম্বে অবৈধ দখলমুক্ত করার দাবি জানান তিনি। তাঁর বক্তব্য, “ফুটপাত পরিষ্কার না হলে ভবিষ্যতেও এমন মর্মান্তিক ঘটনা ঘটতে পারে।”পুলিশ ঘাতক ডাম্পারটিকে আটক করেছে। তবে দুর্ঘটনার পর থেকেই ডাম্পারের চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্তও শুরু হয়েছে।