Skip to content

মন্ত্রী হওয়ার পর প্রথমবার খড়গপুর এসডিও অফিসে বৈঠক দিলীপ ঘোষের, ফুটপাত দখলমুক্ত করার বার্তা!

অরিন্দম চক্রবর্তী : মনোনয়নপত্র জমা দেওয়ার পর এবার মন্ত্রী হিসেবে প্রথমবার খড়গপুর মহকুমা শাসকের (এসডিও) কার্যালয়ে প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। সকাল প্রায় ১১টা নাগাদ তিনি খড়গপুর এসডিও অফিসে পৌঁছন। সেখানে তাঁকে স্বাগত জানান খড়গপুরের মহকুমা শাসক জ্যোতি ঘোষ।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন নারায়ণগড়ের বিধায়ক রামপ্রসাদ গিরি, পিংলার বিধায়ক স্বাগতা মান্না-সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বৈঠকের আগে গোলবাজার পটেটোস অ্যান্ড অনিয়ন মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কয়েকজন প্রতিনিধি তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। দিলীপ ঘোষ তাঁদের বক্তব্য শোনেন এবং কয়েক মিনিট আলোচনা করার পর বৈঠক কক্ষে প্রবেশ করেন।

May be an image of text

প্রশাসনিক বৈঠকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, নাগরিক পরিষেবা এবং স্থানীয় সমস্যাগুলি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠক শেষে খড়গপুরের কৌশল্যায় অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ে গিয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গেও বৈঠক করেন তিনি।সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, কলকাতা থেকে শুরু করে জেলার শহরগুলিতেও ফুটপাত দখলের সমস্যা ক্রমশ বাড়ছে। এর ফলে রাস্তা সংকীর্ণ হয়ে পড়ছে এবং সাধারণ মানুষের চলাচলে চরম অসুবিধা সৃষ্টি হচ্ছে। তিনি জানান, যারা অবৈধভাবে ফুটপাত দখল করে রয়েছেন, তাঁদের স্বেচ্ছায় সেই জায়গা ছেড়ে দেওয়া উচিত। অন্যথায় প্রশাসন ও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে।খড়গপুরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফুটপাত দখলের কারণে শহরে দুর্ঘটনার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এই সমস্যা সমাধানে প্রশাসনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে।একইসঙ্গে দিলীপ ঘোষ দাবি করেন, আগামী দিনে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা এবং সাধারণ মানুষের কাছে আরও উন্নত পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

Latest