অভিজিৎ সাহা : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের এনএইচ–১৪-এর কুবাই ফ্লাইওভারের বেহাল দশা নিয়ে চরম উদ্বেগে সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা। ফ্লাইওভারের উপর তৈরি হওয়া একাধিক বড় বড় গর্তে প্রতিদিনই ছোট-বড় গাড়ির চাকা আটকে গাড়ি বিকল হয়ে পড়ছে বলে অভিযোগ। ফলে ব্যাহত হচ্ছে যান চলাচল, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। বর্ষার জলে গর্তগুলি ঢেকে থাকায় চালকদের পক্ষে সেগুলির গভীরতা বোঝা কার্যত অসম্ভব হয়ে পড়ছে। আচমকাই গর্তে চাকা পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাড়ির টায়ার, সাসপেনশন-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। অনেক সময় বিকল গাড়ি দীর্ঘক্ষণ ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে থাকায় তৈরি হচ্ছে যানজট এবং বড়সড় দুর্ঘটনার ঝুঁকি।

স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারী চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফ্লাইওভারের এই সমস্যার কথা জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। মাঝে মধ্যে পাথর বা খোয়া ফেলে সাময়িকভাবে গর্ত ভরাটের চেষ্টা করা হলেও কয়েক দিনের মধ্যেই ফের আগের অবস্থায় ফিরে যাচ্ছে রাস্তা।

এলাকাবাসীর প্রশ্ন, প্রতিদিন গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তৈরি হচ্ছে প্রাণহানির আশঙ্কা—তাহলে এর দায়ভার নেবে কে? অবিলম্বে কুবাই ফ্লাইওভারের ক্ষতিগ্রস্ত অংশের স্থায়ী সংস্কার এবং নিরাপদ যান চলাচলের ব্যবস্থা করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।