Skip to content

তৃণমূল কার্যালয় থেকে আধার-ভোটার কার্ড উদ্ধার! গ্রেফতার মেদিনীপুরের কাউন্সিলর সুষময় মুখার্জী!

সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুষময় মুখার্জীকে গ্রেফতার করল পুলিশ। সরকারি ত্রাণসামগ্রী অবৈধভাবে মজুত রাখা, অন্যের বাড়ি জোরপূর্বক দখলসহ একাধিক অভিযোগের ভিত্তিতে সোমবার, ১৫ জুন রাতে তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে মেদিনীপুর শহরের বল্লভপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে আধার কার্ড, ভোটার কার্ড-সহ এলাকার উপভোক্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। পাশাপাশি এলাকার একটি বাড়িতে তৈরি করা একটি গোডাউন থেকে মেদিনীপুর পৌরসভার লোগোযুক্ত ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পের একাধিক বালতি এবং বিপুল পরিমাণ পোশাক সামগ্রী উদ্ধার হয়েছে বলে অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রী ও নথিপত্রের উৎস এবং সেগুলি সেখানে কীভাবে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনার পর স্থানীয় বিজেপি নেতৃত্ব কাউন্সিলর সুষময় মুখার্জীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে পৌর পরিষেবার নামে বিভিন্ন ধরনের আর্থিক অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে। উদ্ধার হওয়া নথি ও সামগ্রী সেই অভিযোগকে আরও জোরদার করেছে বলে দাবি বিজেপি নেতাদের।অন্যদিকে, এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রেফতার হওয়া কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ।

Latest